বাংলাদেশ যুব ইউনিয়নের ‘দ্বাদশ জাতীয় সম্মেলন আগামী ১৩-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মৈত্রী মিলনায়তনে সংগঠনের কর্মীসভায় এ সিদ্ধান্ত হয়। ডা. সাজেদুল হক রুবেলকে চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে আহ্বায়ক করে ১৫১ সদস্যে বিশিষ্ট দ্বাদশ জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যর মূল্যবৃদ্ধি অন্যদিকে লুটপাট জনজীবনে দুঃসহ পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচনে যত এগিয়ে আসছে ততই একটি সুষ্ঠু নির্বাচন ও নিজের ভোট নিজে দিতে পারা নিয়ে সংশয় ঘনীভূত হচ্ছে। বিগত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়ে অব্যাহত দুঃশাসনে মানুষের ক্ষোভ পুঞ্জিভূত হয়ে আছে। পাশাপাশি, কর্মসংস্থানের বর্তমান তীব্রতম সংকট থেকে উত্তরণে সরকারের কোনো প্রচেষ্টা নেই। একের পর এক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতিতে যুবসমাজকে সংঘটিত করে কর্মসংস্থান ও ভোটাধিকার সংগ্রাম বেগবান করতে হবে।
কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সম্মেলন হবে বর্ণাঢ্য, সুশৃঙ্খল এবং রাজনৈতিক প্রস্তুতির বিপ্লবী কর্মী সম্মেলন। যা, আগামী দিনের কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামকে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে জেলা ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেই সর্বোচ্চ জমায়েত নিয়ে জেলাগুলো জাতীয় সম্মেলনে অংশ নিবেন বলে কর্মীসভায় আশা প্রকাশ করা হয়।
এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ভাতৃপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেবেন।
যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ডা. সাজেদুল হক রুবেল, শিশির চক্রবর্তী, জাহাঙ্গীর আলম নান্নু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন, ঢাকা জেলার সভাপতি হরেন্দ্র নাথ সিং, গাজীপুর জেলার আহ্বায়ক মেহেদি হাসান, নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাশেদুল মঞ্জু প্রমুখ।
