মুন্সীগঞ্জে পদ্মায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:১১ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মায় মাছ শিকারে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর লাল চাঁন (৩৬) নামে জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত জেলে লাল চাঁন একই গ্রামের মৃত শহীদ তাঁতির ছেলে। তার এক ছেলে ও ২ মেয়ে রয়েছে।

এদিকে, নিখোঁজ জেলের লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পুরো পরিবারে চলছে শোকের মাতম।

স্বজনদের অভিযোগ, রাতের বেলায় পদ্মা নদীতে অবাধে বালুবাহী বাল্কহেড চলাচল করে থাকে। গেল বুধবার রাতে মাছ শিকার গিয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন জেলে লাল চাঁন।

তিনি প্রতিদিন রাতে নদীতে মাছ শিকারে যেতেন। আর ভোর পর্যন্ত নদীতে মাছ শিকার করে সেই মাছ সকালে বাজারে বিক্রি করতেন।

নিহতের খালাতো ভাই বাবু হালদার জানান, বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে তার ভাই জেলে লাল চাঁনের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন তার ভাই।

এ ঘটনায় পরদিন টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরও জানান, শনিবার স্বজনরা পদ্মা নদীতে জেলের সন্ধানে নামেন। সকালে প্রথমে তারা ডুবে যাওয়া নৌকার খোঁজ পান। এরপর সেই নৌকার নিচেই লাশ ভেসে উঠে।

এ ব্যাপারে আব্দুল্লাহপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্বজনরাই পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত