রাজশাহীতেও বিএনপির বিভাগীয় সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চের মাঝখানে চেয়ার খালি রেখে মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে গণসমাবেশ।
সমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে দুটি ফাঁকা চেয়ার রাখা হয়েছে। একটি চেয়ার খালেদা জিয়ার জন্য সাদা তোয়ালে দিয়ে আবৃত ও অন্যটি তারেক রহমানের জন্য সবুজ তোয়ালে দিয়ে আবৃত।
গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের বিশেষ অতিথি- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।
