বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে রোড ডিভাইডারের পাশে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি।

বিএনপি কার্যালয়ের পাশে থাকা একজন প্রত্যক্ষদর্শী দেশ রূপান্তরকে বলেন, 'ককটেলটি চলন্ত কোনো যানবাহন থেকে নিক্ষেপ করা হতে পারে। কে বা কারা মেরেছে তা খেয়াল করতে পারিনি।'

ককটেল বিস্ফোরণের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দেশ রূপান্তরকে বলেন, 'আমাদের সমাবেশ বানচাল করতে সরকারের লোকজন এসব করেছে। অতীতেও তারা এমনটা করেছে।'

এর আগে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত