যুবলীগের ২ গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর একটি বালুর ঘাট দখলকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাকশী পদ্মা নদীর লালনশাহ সেতুর নিচে বালুর ঘাটে এ ঘটনা ঘটে। নদীর তীরবর্তী এলাকায় যুবলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ইট- পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ৫টি মোটর সাইকেল ও একটি জিপ ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধ হন মাসুম হোসেন নামের এক যুবলীগ কর্মী। এছাড়া পাথর নিক্ষেপে গুরুতর আহত হয়েছেন যুবলীগ কর্মী সম্রাট হোসেন ও সুইটসহ আরও ৫ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর নিয়ন্ত্রণাধীন পাকশী ব্রিজের নিচের একটি বালুর ঘাটে গতকাল বিকেলে ভেকু মেশিনে বালু তুলে ট্রাক লোড করতে যাচ্ছিল তার লোকজনসহ উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা। এসময় পদ্মা নদীতে আগে থেকে ‘পিকনিকের আমেজে’ রান্না ও খাওয়া দাওয়া করছিল যুবলীগের দোলন গ্রুপের যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ভেকু মেশিন বালুর ঘাটে লাগানোর সাথে সাথে গুলিবর্ষণ করে তারা। গুলিতে যুবলীগ কর্মী মাসুম গুলিবিদ্ধ হলে তারা পাল্টা আক্রমণ হিসেবে ইট-পাটকেল নিক্ষেপ করে। অবস্থার আকস্মিকতায় বিবদমান দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এসব ঘটনায় স্থানীয় এমপি পুত্র দোলন বিশ্বাসকে দোষী করে তার শাস্তির দাবিতে গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ও পৌর যুবলীগ।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা মিলন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের নেতৃত্বে শত শত যুবলীগ নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেয়। পরে রেলগেট জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিরহান শরিফ তমাল। তিনি এ ঘটনায় দলীয় সভা করে থানায় অভিযোগ জানাবেন বলে জানান।

নিজেকে নির্দোষ দাবী করে ঘটনা সম্পর্কে যুবলীগ নেতা ও এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত