খুলনায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ দলটির। গতকাল শনিবার রাতে খুলনার বিভিন্ন থানায় তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ-সমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি-বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
শনিবার খুলনার বিভিন্ন থানায় ৮ জন নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি অসংখ্য নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়েছেন তারা।
ঢাকায় কর্মসূচিতে কারা অংশ নেবেন তার এলাকাভিত্তিক তালিকা তৈরি করে চলছে পুলিশের এই অভিযান।
খুলনা মহানগর বিএনপির নেতারা এক বিবৃতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে নিজেদেরকে জনগণের মুখোমুখি দাঁড় না করাতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশ আজ এক কঠিন সংকট সময় অতিক্রম করছে এবং জাতি এক মাহেন্দ্রক্ষণে উপনীত দাবি করে বিএনপি নেতারা বলেন, এই মুহূর্তে আপনাদের ভূমিকা কালের কষ্ঠিপাথরে বিচার করা হবে। প্রজাতন্ত্রের সেবক হিসেবে আপনাদের কর্তব্য হবে মুক্তিকামী ১৮ কোটি মানুষের বিপক্ষে না দাঁড়িয়ে, অবৈধ নিশিরাতের সরকারের অন্যায় হুকুম তামিল না করে, সরকারি চাকরিবিধি অনুযায়ী দায়িত্ব পালন করা।
বিবৃতিতে জানানো হয়, শনিবার খানজাহান আলী থানা-পুলিশের অভিযানে ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী ও বিএনপি কর্মী আরেফিন গ্রেপ্তার হয়েছেন।
সদর থানা-পুলিশ গ্রেপ্তার করেছে হোসেন ও ইয়াসিনকে। লবণচরা থানা-পুলিশের অভিযানে আটক হয়েছেন ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ এইচ এম আসলাম।
এছাড়া ৪নং ওয়ার্ডের ছাত্রদল নেতা রাশিকুল ইসলাম রাশু ও ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহীন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।
এ ছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীর বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাদের খোঁজ নিচ্ছে পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক কথাবার্তা বলছে এবং ঢাকায় গণ-সমাবেশে যোগ না দিতে হুঁশিয়ার করছে। ঢাকায় গেলে পরবর্তীতে পরিণতি খারাপ হবে বলে জানিয়ে দিচ্ছে তারা।
বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।
