ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০১:৪২ পিএম

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে হাজারো কোটি টাকা তুলে নেওয়া ও এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা অনুসন্ধানে বিএফআইইউ, দুদক ও সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। চার মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।

পাশাপাশি ওই দুই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ রবিবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২৭ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইসলামী ব্যাংক থেকে ঋণের বিষয় উঠে আসে। বিষয়টির তদন্ত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়। ব্যাংকটির পাঁচজন গ্রাহকের পক্ষে ওই চিঠি প্রেরণ করা হয়।

চিঠিতে গত ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। পরে প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তবে প্রতিবেদনটি নজরে আনার পর গত ৩০ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টিকে রিট আকারে আনার পরামর্শ দেন। এর ধারাবাহিকতায় ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত