ব্রাজিলের জয়োল্লাসে ছিলেন পেলেও

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ এএম

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নেইমারদের শুভকামনা জানিয়েছিলেন পেলে। গোল উৎসব করে জেতার পর নেইমাররাও পেলেকে ভোলেননি। তাদের জয় উদযাপনে মিশে ছিলেন তিন বারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। জয়ের পর পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে দাঁড়ান ব্রাজিলের ফুটবলাররা। গ্যালারিতেও ছিল পেলের পোস্টার, ব্যানার।

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে পেলের কোলন টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে কেমোথেরাপি চলছে তার।

গত মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় পেলেকে। দুদিন আগে পেলে জীবন সংকটে বলে খবর বের হয়। ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। তাকে রাখা হয়েছে ‘প্যালিয়েটিভ কেয়ার’-এ। তবে পেলে কন্যা ফ্লাভিয়া নাশ্চিমেন্টো এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে উত্তরসূরিদের উদ্দেশ্যে বার্তা দেন পেলে। সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপের সময়কার একটা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেন, ‘১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবছিলাম। আমি জানি, ব্রাজিল দলের অনেকেই এবার এমন প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম বিশ্বকাপের স্বপ্নও দেখছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত