মোংলায় স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে চোখে মলম লাগিয়ে দিয়ে তার টাকা ছিনিয়ে নিয়ে যায় মলম পার্টির সদস্যরা।
পরে ষাটোর্ধ্ব ওই নারীকে একটি পেট্রল পাম্পের পাশে ফেলে রেখে যান মলম পার্টির সদস্যরা।
র্যাব-০৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, বন্দরের দিগরাজ শিল্প এলাকার একটি ব্যাংক থেকে স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে এক বৃদ্ধা নারী সোমবার বিকেলে বুড়িরডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।
ফেরার পথে ভ্যানে বিধবা বৃদ্ধার চোখে মলম লাগিয়ে পেনশনের উত্তোলনকৃত ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ মলম পার্টির সদস্যরা।
পরে ওই নারীকে পাওয়ার হাউজ পেট্রল পাম্পের পাশে ফেলে রেখে যাওয়া হয়।
এরপর র্যাব-০৬ খুলনার একটি আভিযানিক দল বিকেল সাড়ে তিনটার দিকে দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান শুরু করেন।
অভিযানে বৃদ্ধার ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের সঙ্গে জড়িত মলম পার্টির মূল হোতা কামরুল ইসলাম শেখ (৩৫) ও তার সহযোগী আব্দুস সালাম শেখ (৪৮) এবং মো. দেলোয়ার শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা খুলনার রুপসা উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে মোংলা থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, র্যাবের সোপর্দ করা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরেই বাগেরহাট জেলহাজতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
