অফিসের ভেতরেই কর্মীদের ঘুমানোর জন্য বেডরুম বানাচ্ছেন মাস্ক!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ পিএম

টুইটার কিনে নেওয়ার পরই প্রতিষ্ঠানটির পরিচালনায় বিভিন্ন ধরনের নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। কখনও কম্পানির খরচ কমানোর জন্য কর্মী সঙ্কোচন, কখনও কর্মীদের দৈনিক কাজের সময় বাড়িয়ে দেওয়া- নানাবিধ বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা। টুইটারের বিভিন্ন অফিসে কর্মীদের জন্য বেডরুম তথা শয়নকক্ষ বানানো শুরু করেছেন তিনি।

সোমবার টুইটারের সান ফ্রান্সিসকো অফিসে ঢুকে কর্মীরা দেখতে পান, কয়েকটি সম্মেলন কক্ষে পাতা রয়েছে তোশক, ঝোলানো রয়েছে পর্দা। রয়েছে কয়েকটি টেবিল, ও বসার চেয়ারও। যেন দায়সারা ভাবে বিছানা পাতা রয়েছে। গোটা বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

কিছু দিন আগে এক টুইটার কর্মী জানিয়েছিলেন, অফিসে কাজের চাপ এত বেড়ে গিয়েছে যে, বাড়ি ফেরার সময় পাচ্ছেন না তিনি। তাই শোয়ার জন্য একটি ব্যাগ নিয়ে এসেছেন। অফিসের মেঝেতেই সেটি পেতে শুতে হচ্ছে তাকে। যাতে কর্মীদের আরও বেশি সময় অফিসে রাখা যায়, সেই লক্ষ্যেই এই শয়নকক্ষ বানানোর উদ্যোগ বলে মনে করছে কর্মীদের একাংশ।

ঠিক কতগুলো অফিসে এই নতুন বন্দোবস্ত তৈরি হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। ইলন টুইটারের মালিকানা নেওয়ার পর বহু কর্মীকে চাকরি হারাতে হয়েছে। তাই প্রতিষ্ঠানের ভেতরে কী চলছে, তা নিয়েও মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউ।

কর্মীদের অতিরিক্ত কাজ করতে বাধ্য করার অভিযোগ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে টুইটার কর্তৃপক্ষ। সপ্তাহ খানেক আগেই একটি সংবাদ সংস্থা দাবি করে, মাস্ক খুবই গুরুত্ব দিয়ে ভাবছেন টুইটারের কথা। নিজেও টুইটারের জন্য সপ্তাহে অন্তত ১২০ ঘণ্টা কাজ করছেন মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত