বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যেমন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা, তেমনি জীবন দিয়ে হলেও মানুষের জন্য গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএসপিপি নেতারা এসব কথা বলেন। ‘৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে’ আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের এসব অধিকার ফিরিয়ে দিতে বিএনপি যে আন্দোলন শুরু করছে, তা আর বিএনপির একার আন্দোলন নেই। এই আন্দোলন এখন জনগণের আন্দোলন। আর সেই আন্দোলনে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে।
বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, ৭ ডিসেম্বর পুলিশ শুধু বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলাই চালায়নি গণগ্রেপ্তারও করেছে। তারপরও সমাবেশের স্থান নির্ধারণের জন্য বরকত উল্লাহ বুলুসহ নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন। দুই পক্ষের মধ্যে যখন আলোচনার মাধ্যমে সমঝোতার দিকে যাচ্ছিল, তখন রাতের অন্ধকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে।
তারা আরও বলেন, যতই হামলা চালানো হোক, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হোক, আগামীকালের সমাবেশ সফল হবে। আমাদের নেতার অভাব নেই।
