বিদ্যুৎসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:১২ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত উদ্যোগে বিদ্যুৎসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগ সর্বসাধারণের সত্যিকারের সেবার জন্য কার্যকর অবদান রাখবে। যেকোনো সমস্যার উদ্ভব হলে প্রযুক্তি ব্যবহার করেই তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান করা সম্ভব হবে।’

তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলোর কার্যক্রম যত আধুনিক হবে গ্রাহকরা তত ভালো সেবা পাবে। তিনি সিস্টেম লস আরও কমানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কোম্পানিগুলোকে নিজেদের আয় বাড়াতে পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো সোলার প্রজেক্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তিনি নেসকোর স্মার্ট বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ গ্রাহককে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও নেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত