বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা (এমপি) রবিবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদের স্পিকারের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ঢাকার গণসমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা আসে। রাজধানীর গোলাপবাগ মাঠে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং রুমিন ফারহানা এই ঘোষণা দেন।
এদিকে, বিএনপির সাত সংসদ সদস্য ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন জানালেও সাপ্তাহিক ছুটির কারণে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় বলছে, ই-মেইলে পদত্যাগের সুযোগ নেই। পদত্যাগ করতে চাইলে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। তার প্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
অন্যদিকে, বিএনপির পদত্যাগী সাত এমপির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। রবিবার (১১ ডিসেম্বর) দলটির ছয় এমপি সরাসরি পদত্যাগপত্র দেওয়ার সুযোগ পেলেও দেশে ফেরার আগে পদ ছাড়তে পারছেন না এমপি হারুন।
