পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তিন জেলায় মেলা আয়োজনে অনিয়মের অভিযোগে সদর দপ্তরে লিখিত আবেদন জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও শেরপুরে মেলার দায়িত্ব পালনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন অনিয়ম রয়েছে। এ ব্যাপারে তদন্ত করারও দাবি জানানো হয়েছে।
এসআরটিসিএল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুর রহমান অভিযোগে বলেন, প্রতি বছর ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে দেশের সব পুলিশ লাইনস মাঠ কিংবা মালিকানাধীন বিভিন্ন মাঠে মেলার আয়োজন করে থাকে বাংলাদেশ পুলিশের অঙ্গসংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
এ ক্ষেত্রে মেলা আয়োজনের অনুমতি পেতে সংশ্লিষ্ট পুলিশ সুপারের দপ্তরে আবেদন করতে হয়। নিয়মকানুন মেনে মেলা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনটি জেলায় ঠিকাদারি দেওয়া হয়েছে একটি নামমাত্র প্রতিষ্ঠানকে। যারা আবার চড়া মূল্যে অন্য প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করে দিয়েছেন।
এ ব্যাপারে সঠিক তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখতে আইজিপির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যাতে নিয়মতান্ত্রিক ভাবে ঠিকাদার নির্বাচন করা হয়।
তিনি আরও বলেন, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে মেলা আয়োজনের অনুমতি চেয়ে তার কোম্পানির করা আবেদন বিবেচনা না করে নামমাত্র প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।
