রাশিয়াতে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তাতে প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল। সেদিন লড়াইয়ের কোনো ছিটেফোটাও ছিল না দলের মাঝে। চার বছর আগের পুরনো সেই ক্ষত ফের আলোচনায়। কারণ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল আবারও নামছে লড়াইয়ে। এবার উভয়ের মিশনই ফাইনাল। মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে তাগলিয়াফিকো জানালেন কালকের দ্বৈরথ হবে ভিন্ন।
কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দলের প্রতিনিধি হয়ে আজ আজ এসেছিলেন আর্জেন্টাইন লেফট ব্যাক ফুটবলার নিকোলাস তাগলিয়াফিকো। সেখানে তিনি বলেছেন, ‘প্রতিপক্ষ কারা সেটায় মাথায় রেখেই আমরা খেলতে নামব। আগামীকালের লড়াই হবে ২০১৮ সালের চেয়ে ভিন্ন। আমরা আমাদের সেরাটা উজার করে দেওয়ার জন্য প্রস্তুত।’
তিনি যোগ করেন, আর্জেন্টিনা এমন একটা দল যারা কষ্ট পেলে, সেখান থেকে বেরিয়ে আসতে জানে। আমরা চেয়েছিলাম সেমিফাইনালে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলতে। তাই প্রতিপক্ষ হিসেবে ক্রোয়েশিয়াকে পেয়ে আমরা খুশি হয়েছি। কিন্তু মাঠে কি করতে হবে সেটা নিয়েই আমরা পরে ভেবেছি। নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন লড়াই জয়ের পর দলের সবাই ইতিবাচক রয়েছে।’
তবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রশংসা করতেও ভুলেননি তিনি, ‘আমরা জানি তাদের অনেক ভালো মানের খেলোয়াড় আছে। মিডফিল্ডে তাদের খুব ভালো দখল আছে। তারা যা করতে চায় সেটা পারে। ফিনিশিংটাও তাদের দুর্দান্ত। আমরা তাদের সেই লক্ষ্যগুলো নষ্ট করার লক্ষ্য নিয়েই ছক কষছি।’
