ভূমি কর্মকর্তাকে মারধর: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৫:১৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে এ মারধরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং তার শ্যালক শাহ আলমসহ থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে যান। তার শ্যালক আট শতক জমি খারিজ ও খাজনা বিষয়ে অন্যায় আবদার করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ও তার শ্যালক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিনকে গালিগালাজ ও বেধড়ক মারপিট করে ৩৩ হাজার ৩১০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান এবং চিকিৎসার জন্য তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে রাতেই উলিপুর থানায় চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), শাহ আলম (৫৫) এবং অজ্ঞাত একজনসহ ৩ জনের নামে মামলা করেন।

এ ব্যাপারে চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, 'আমার শ্যালক শাহ আলমের ৮ শতক জমির খারিজ ও খাজনা নিতে ৬ মাস ধরে হয়রানি করছিলেন ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার শ্যালকের সাথে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কথাকাটি ও মারামারি লাগে। তবে আমি তাকে মারিনি তাকে শুধু গালিগালাজ করেছি।'

উপজেলা সহকারী কমিশনার কাজী মাহমুদুর রহমান জানান, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত মানুষজনের কাছে ঘটনা শুনি। পরে আহত ভূমি সহকারী কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত