সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গতকাল মঙ্গলবার পুলিশের অভিযানে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। সকাল ১১টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বিএনপি কার্যালয়ে যান।
সেখানে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘সরকার গণতন্ত্র বিশ্বাস করে না, অন্য রাজনৈতিক দলের সহাবস্থান মানে না, তা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হামলার মধ্যদিয়ে প্রমাণ হয়েছে। বিশ্বের কাছে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নয়াপল্টনে হামলার ঘটনায় সরকারের ভেতরের অস্থিরতা ও দুর্বলতা প্রকাশ পেয়েছে। তারা আতঙ্কিত হয়ে পুলিশ বিএনপি কার্যালয়ে আক্রমণ চালায়।’
এর আগে প্রায় ১৬ বছর পর কার্যালয়ে আসেন দলটির এক সময়ের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য অলি আহমদ। ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের সহমর্মিতা জানান।
