মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি অস্থিরতায় আছে এবং তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। মির্জা ফখরুল বলেছিলেন পহেলা জানুয়ারি থেকে দেশটা চলবে তারেক রহমানের নেতৃত্বে। আমান উল্লাহ আমান বলছেন ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে। এখন জেলখানায় যদি তাদের কোনো সরকার থেকে থাকে সেটা চলতে পারে। বাংলাদেশ কোনো দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত খুনিদের কথায় চলবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
