ম্যারাডোনার পাশে বসলেন মেসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৩ এএম

এক সেমিফাইনাল দিয়ে কত রেকর্ডই না গড়লেন লিওনেল মেসি। কতজনকে গেলেন ছাড়িয়ে। তার দলও উঠে গেল বিশ্বকাপের ফাইনালে। আর তাতেই আর্জেন্টাইন অধিনায়ক বসে গেলেন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার পাশে।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের পক্ষে দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ। অন্য গোলটি মেসির।

ম্যারাডোনা প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ১৯৮২ সালে। আর ১৯৮৬ সালে প্রথমবার ফাইনাল খেলেন। পেয়ে যান শিরোপার স্বাদ। পরের আসরেও আর্জেন্টিনা ফাইনালে খেলে। সে আসরেও ছিলেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার এই কিংবদন্তী মোট দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। এবার মেসিও ২০১৪ সালের পর শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামছেন, এটা তারও বিশ্বকাপের দ্বিতীয় ফাইনাল।

এদিন মেসি পেনালটি থেকে একটি গোলের দেখা পেয়েছেন । বাকি দুটি করিয়েছেন। তাতে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশে বসলেন মেসি।

ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ ১৯৯৬ বিশ্বকাপ থেকে রেকর্ড রাখার পর থেকে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি ৮ গোলে সহায়তার রেকর্ড ছিল এতদিন ম্যারাডোনার। এবার আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে ছুঁয়ে ফেললেন মেসি।

এই ম্যাচের ৩৪তম মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৯৬৬ আসরের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ভিন্ন তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন পাঁচ আসরে অ্যাসিস্ট এর কীর্তি তিনি গড়েন আগেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত