আ.লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল: ড. মঈন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আওয়ামী লীগ যেভাবে আন্দোলন করেছিল একইভাবে আমরা আন্দোলনে যাচ্ছি।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ ৯৬ সালে জোট করেছিল। সে সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত নেতারা। আজকের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন করতে হচ্ছে। গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে। অথচ আজকে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে।

তিনি বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনো পাকিস্তানের ধ্যানধারণায় বিশ্বাস করে না। বিশ্বাস করে এক গণতান্ত্রিক ব্যবস্থায়। আজকে আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। বিএনপি আজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, একাত্তরের সেই দোসরের দল জাতিকে মেধাশূন্য করতে, চিরতরে ধ্বংস করতে ১৪ ডিসেম্বর সেই নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারা ভালো করে জানত, বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে। সুদূরপ্রসারী নীল নকশার অংশ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

বিএনপির টেক ব্যাক বাংলাদেশের বিষয়ে ব্যাখ্যা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, টেক ব্যাক বাংলাদেশ হলো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে সুষ্ঠুভাবে গণতন্ত্রের চর্চা হবে। মানুষ তার নিজের  ভোট নিজে দিতে পারবে। তাদের পছন্দমতো প্রতিনিধি তৈরি করতে পারবে। তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যে বাংলাদেশে অর্থনৈতিক সুবিচার হবে। বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে। প্রশাসনকে করা হবে নিরপেক্ষ। এসব রক্ষা করার কমিটমেন্ট মুক্তিযুদ্ধের মধ্যে ছিল। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ সেই কমিটমেন্টকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। আমরা যে ১০ দফা দিয়েছি তার মাধ্যমে দেশের মুক্তিযোদ্ধারা ও বুদ্ধিজীবীরা যে কারণে প্রাণ দিয়েছিলেন সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন  সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে দিতে চাই। বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের মানে হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করে গণমানুষের কাছে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত