যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছেন মায়ের কান্না নামে একটি সংগঠনের সদস্যরা। ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে সদস্যদের সংগঠন 'মায়ের কান্না'।
বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে ৯ বছর আগে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে রাষ্ট্রদূত সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের সন্তান ও চাকরিচ্যুত সদস্যরা খবর পেয়ে সেখানে জমায়েত হন।
জানা গেছে, সেখানে পিটার হাসের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে স্মারকলিপি দেন মায়ের কান্নার সদস্যরা। তারা রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর আগের ওই গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চান। একই সঙ্গে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চান তারা।
মায়ের কান্নার সংগঠকরা জানিয়েছেন, রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।
