ভারত কি সারাদিন ব্যাট করবে? নাকি শেষ বেলায় ইনিংস ঘোষণা করে বাংলাদেশের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাবে? চট্টগ্রাম টেস্ট নিয়ে এখন এই প্রশ্নই সবার মনে। এরই মধ্যে চারশ ছাড়িয়ে গেছে ভারতের লিড। সেঞ্চুরির দেখা পেয়েছেন শুভমান গিল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। এদিন প্রথম সকালেই বাংলাদেশের প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে দেয় ভারত। প্রথম ইনিংসে যাদের সংগ্রহ ছিল ৪০৪।
প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল ভারতের। কিন্তু সেটা করেনি তারা। নিজেরাই নামে ব্যাটিংয়ে। লাঞ্চের পর তারা নিজেদের লিডটা তিনশর ওপর নিয়ে যায়। চা বিরতির পর সেটা পেরিয়ে যায় চারশ রানের গণ্ডি।
গিল টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পর মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফিরে গেছেন। তাতে দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। ১৫২ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১০ রান করেন গিল।
এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৫৩ ওভারে ২০৪/২ । লিড জমা পড়েছে ৪৫৮ রানের।
চেতেশ্বর পুজারার সঙ্গে এখন ব্যাট করছেন বিরাট কোহলি। পুজারা ৬৩ ও কোহলি ৪ রান নিয়ে ব্যাট করছেন।
