বিভিন্ন বিল ভাউচারের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের এমডি আবদুল হামিদ মিয়াসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে মামলাটি করবেন বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আবদুল হামিদ মিয়া ২০১৬ সালের ২৪ এপ্রিল থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিজিংয়ের এমডির দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা নিয়োগপত্র বা চুক্তিপত্রের শর্ত অমান্য করে বিভিন্ন খাতে ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৮৫৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
অনুমোদিত মামলার অন্য আসামি মো. রমিজ উদ্দিন সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট পদে দায়িত্ব পালন করে আত্মসাৎসংক্রান্ত তথ্য গোপন করে সহায়তা করেছেন বলে অভিযোগ।
