ঢাকার সাভারে এক পোশাকশ্রমিককে আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরও দুজন পলাতক রয়েছে। গতকাল রবিবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে র্যাব-৪-এর সদস্যরা ওই চারজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের কলমা এলাকার হারুন অর রশিদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), একই এলাকার খলিল শেখের ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল লতিফ গাজীর ছেলে রনি গাজী (১৮) ও শাহীন মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৮)। এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী ওই নারী সাভার ১ নম্বর কলমা এলাকার আব্বাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই পোশাকশ্রমিক তিন বন্ধুর সঙ্গে ২৩ ডিসেম্বর রাতে একটি জন্মদিনের দাওয়াতে যাচ্ছিলেন। একপর্যায়ে তারা কলমা পশ্চিমপাড়া এলাকার জহিরুলের মুরগির খামার এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত চার ধর্ষকসহ ছয়জন তাদের গতিরোধ করেন। এ সময় ওই নারী শ্রমিকের সঙ্গে থাকা তিন বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয় এবং নারী শ্রমিককে খামারের ভেতরে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
এ ঘটনায় র্যাব-৪-এর কাছে অভিযোগ করা হলে শনিবার দিনব্যাপী সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে চারজনকে সাভার থানায় হস্তান্তর করে র্যাব।
সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল বিশ্বাস বলেন, গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
