সরকারবিরোধী প্রচারপত্র

প্রবীণ প্রকৌশলী ইনামুল হককে লাঞ্ছনা শাহবাগে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ এএম

নিজের সংগঠন সর্বজন বিপ্লবী দলের পক্ষে প্রচারপত্র বিতরণ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হক। তাকে গালাগালও করা হয়। গত শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে নানা আলোচনা-সমালোচনা।

ইনামুল হককে লাঞ্ছনার দৃশ্যের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ এক ব্যক্তি তাকে শারীরিকভাবে আঘাত করেন। মারধরের পর ওই ব্যক্তি বলছিলেন, ‘দেশ ধ্বংস করছে মানে...। দেশ কই ধ্বংস হইছে? হ্যাঁ...।’

ইনামুল হক সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক। নিজ দলের পক্ষে পথচারী ও সাধারণ মানুষের কাছে প্রচারপত্র বিতরণ করতে শনিবার বিকেলে শাহবাগে যান তিনি। সেখানে জাতীয় জাদুঘরের সামনে একটি ব্যানার টানিয়ে ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে প্রচারপত্র (লিফলেট) বিলি করছিলেন ইনামুল হকসহ সর্বজন বিপ্লবী দলের আরও তিনজন নেতাকর্মী। বর্তমান সরকারের বিদায়, ভোটকেন্দ্র দখলমুক্ত নির্বাচন এবং জাতীয় সরকারÑ এই তিন দফা দাবিতে হরতাল আহ্বান করে প্রচারপত্র বিতরণ করছিলেন তারা। তখনই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ম ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। এ ছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ছিলেন।

শনিবারের ঘটনার বর্ণনা দিয়ে ইনামুল হক একটি গণমাধ্যমকে বলেন,  ২৭ ডিসেম্বর তাদের দলের পক্ষ থেকে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। হরতালের সমর্থনে শনিবার বিকেল ৪টা থেকে শাহবাগে লিফলেট বিলি করছিলেন। এ সময় সাত-আটজন লোক এসে তাকে জিজ্ঞেস করেন, ‘কত টাকায় আপনারা এসব করছেন?’ এ ধরনের কিছু কথাবার্তা বলে ওই লোকগুলো চলে যান। এরপর একজন সাংবাদিক মোবাইল ফোনে তার ভিডিও সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাক্ষাৎকার চলার সময় ওই লোকগুলো ফের তার পাশে এসে দাঁড়ান। তাদের মধ্য থেকে একজন হঠাৎ তাকে আঘাত করেন এবং গালমন্দ করতে থাকেন। চশমা পরা ও মুখে মাস্ক থাকায় ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে ইনামুল হক ওই লোকগুলোকে জিজ্ঞেস করলে তারা মেহেরপুর থেকে আসার কথা বলেছিলেন। তার ধারণা, লোকগুলো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। তবে তারা মেহেরপুর থেকেই এসেছিলেন কিনা, তা যাচাই করা তার পক্ষে সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত