নরসিংদীতে টহলরত অবস্থায় আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ২টার দিকে নরসিংদী বাজার বণিক সমিতির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর রাত ৩টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের পঞ্চবটি বাজারে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে ২২টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়েছে। ধারণা করা হচ্ছে, আনসারদের অস্ত্র ও গুলি লুট করা দুর্বৃত্তরাই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
আনসার ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও নরসিংদী বাজার বণিক সমিতির আনসার ক্যাম্পের চার সদস্য একইসঙ্গে বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। হাঁড়িধোয়া নদীর তীরে বড় বাজার এলাকার আনসার ফাঁড়ির সামনে টহলের সময় হঠাৎ পেছন থেকে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এ সময় দুজন আনসার সদস্য দৌড়ে সরে গেলে বাকি দুজনকে দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
অপরদিকে ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের পঞ্চবটি বাজারে ১৭ থেকে ১৮ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে। তাদের একটি ঘরে আটকে রেখে একে একে ২২টি মুদি মাল, মোবাইল, স্টেশনারি ও ওষুধের দোকানের তালা কেটে নগদ টাকা লুট করে। ক্ষতিগ্রস্তরা জানায়, ডাকাতরা দোকানগুলো থেকে প্রায় ৪ লাখ টাকা লুট করেছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম সাংবাদিকদের জানান, নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে চার সদস্য ডিউটিতে ছিলন। তারা হলেন মো. আনোয়ারুল হক, জাফর ইকবাল, রাশেদ হোসেন ও আতিক হোসেন। রাত দেড়টার দিকে ডাকাদলের ১৫-২০ সদস্য হাঁড়ি ধোয়া নদীর পাশে বাজার বেড়িবাঁধে অতর্কিতভাবে হামলা চালায় এবং কিছু বুঝতে পারার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ সাংবাদিকদের বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঞা বলেন, ধারণা করা হচ্ছে আনসার সদস্যদের মারধর করে অস্ত্র লুট করে পালিয়েছে ডাকাত দল। তবে আনসার সদস্যদের কেউ আহত হয়নি।
