হীরক জয়ন্তী সম্মাননা পাচ্ছেন ১০ ক্রীড়া সাংবাদিক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) হীরক জয়ন্তী সম্মাননা পাচ্ছেন ১০ ক্রীড়া সাংবাদিক ও লেখক। নির্বাচিতদের মধ্যে রয়েছেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

বিএসপিএর পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন সংগঠন হচ্ছে বিএসপিএ। সংগঠনটি প্রতিষ্ঠার ৬০ বছর অর্থাৎ হীরক জয়ন্তী উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

বিএসপিএ জানায়, সেখানেই স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হবে। একই সঙ্গে সম্মাননা জানানো হবে ১০ ক্রীড়া সংবাদিক ও ক্রীড়া লেখককে।

সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা মামুন ছাড়াও ‘সংবাদিক ও ক্রীড়া লেখক’ ক্যাটাগরিতে এ সম্মাননা পাচ্ছেন প্রয়াত আব্দুল হামিদ, প্রয়াত তৌফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, প্রয়াত আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার ও শহিদুল আজম।

ক্রীড়াবিদদের মধ্যে সম্মাননা পেতে যাচ্ছেন- কাজী সালাউদ্দিন (ফুটবলার), প্রয়াত মোনেম মুন্না (ফুটবলার), মাশরাফী বিন মোর্ত্তজা (ক্রিকেটার), সাকিব আল হাসান (ক্রিকেটার), প্রয়াত শাহ আলম (অ্যাথলেটিকস), মোশাররফ হোসেন খান (সাঁতার), মোশাররফ হোসেন (বক্সিং), নিয়াজ মোর্শেদ (দাবা), আসিফ হোসেন খান (শুটার) ও সিদ্দিকুর রহমান (গলফ)।

এর আগে ২০১২ সালে বিএসপিএ তাদের সুবর্ণজয়ন্তীতে ৭ জন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে সম্মানিত করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত