দেশের সেরা ১০ ক্রীড়াবিদকে সম্মাননা জানাচ্ছে বিএসপিএ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ৬০ বছর পূর্ণ করতে যাচ্ছে।

উক্ত ‘হীরক জয়ন্তী’ উপলক্ষে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বিএসপিএ জানায়, আগামী ৩০ ডিসেম্বর বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি সনৎ বাবলা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

সনৎ বাবলা জানান, নয় জনের বিচারক প্যানেলের মাধ্যমে সাত ডিসিপ্লিনে ১০ ক্রীড়াবিদ বেছে নেয়া হয়েছে।

নির্বাচিতরা হলেন- কাজী সালাউদ্দিন (ফুটবলার), প্রয়াত মোনেম মুন্না (ফুটবলার), মাশরাফী বিন মোর্ত্তজা (ক্রিকেটার), সাকিব আল হাসান (ক্রিকেটার), প্রয়াত শাহ আলম (অ্যাথলেটিকস), মোশাররফ হোসেন খান (সাঁতার), মোশাররফ হোসেন (বক্সিং), নিয়াজ মোর্শেদ (দাবা), আসিফ হোসেন খান (শুটার) ও সিদ্দিকুর রহমান (গলফ)।

সেরা ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সংবাদিক ও লেখককেও হীরক জয়ন্তী সম্মাননা প্রদান করা হবে। এ বিভাগে নির্বাচিতরা হলেন- প্রয়াত আব্দুল হামিদ, প্রয়াত তৌফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, প্রয়াত আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

এ ছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসানকে। স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে ‘জয় বাংলা’ স্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানোর স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পাচ্ছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত