বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, তথ্যমন্ত্রী অমানবিকভাবে বলেছেন আবদুর রশিদ আরেফিন নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। অথচ এখানকার মাটি বলছে তাকে পুলিশের লাঠিচার্জ এককথায় সাপ পেটানোর মতো করে মারা হয়েছে। এক হাতে তার জীবন কেড়ে নেওয়া তারপরে যে নিষ্ঠুরতা এটা অমানবিকতা। বিএনপি নেতাকে হত্যা করে তার মৃত্যুকে হৃদরোগে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সৎ সাহস সরকারের নেই।
তিনি গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের নিহত বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিনের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এসে এসব কথা বলেন।
গয়েশ^র বলেন, তথ্যমন্ত্রীর এ ধরনের মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলব। বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে আবদুর রশিদ তার নেতৃত্ব দিয়েছেন। তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রদীপ নেভার আগে যেমন জ¦লে ওঠে সরকারও তেমনি বিদায়ের আগে মানুষের ওপর অত্যচার করছে।
এ সময় তিনি নিহত বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিনের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরে বোদা উপজেলা বিএনপির আয়োজনে নিহত বিএনপি নেতা আরেফিনের স্মরণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বোদা উপজেলার বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।
পরে নিহতের রুহের মাগফিরাত কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
