আফ্রিকার গাম্বিয়া, এশিয়ার ইন্দোনেশিয়ার পর এবার কফ সিরাপে মৃত্যুর ঘটনা ঘটল উজবেকিস্তানে। উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় কোম্পানির কাশির সিরাপ খেয়ে দেশটিতে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে ভারতের নয়ডার মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল ২১ শিশু। তাদের মধ্যে ১৮ শিশু মারা গেছে। এ ঘটনায় ল্যাবে পরীক্ষা করে সিরাপে ক্ষতিকর ইথিলিন গ্লাইকোল পাওয়া গেছে বলে জানিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল এলএলসি আমদানি করেছিল। তবে চিকিৎসকের কোনো ধরনের পরামর্শ ছাড়াই সিরাপটি শিশুদের খাওয়ানো হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স শিশু মৃত্যুর ঘটনায় মেরিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিকেল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সাড়া দেয়নি সংশ্লিষ্টরা। তবে ভারত সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গাম্বিয়াতে মারাত্মক কিডনি জটিলতায় ৭০ শিশুর মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রাথমিক তদন্তে জানা যায়, ভারতীয় কোম্পানির চার ধরনের কফ সিরাপ খেয়েছিল তারা। এরপর ইন্দোনেশিয়ায় ৯৯ শিশুর মৃত্যুর পর কফ সিরাপ নিয়ে আতঙ্ক আরও তীব্র হয়। শিশু মৃত্যুর ওই ঘটনার পর দেশটিতে সব সিরাপ ও তরল ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
