বোটানিক্যালে গলা কেটে নারীকে হত্যা সাবেক স্বামী গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ এএম

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গলা কেটে এক নারীকে হত্যা করা হয়েছে। তার নাম ফারজানা আফরিন তুলি। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। তুলিকে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তুলি থাকতেন রাজধানীর মোহাম্মদপুরে আর সাইদুল ময়মনসিংহে। তিন মাস আগে তুলির সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন তুলি। তিনি তুলিকে বোটানিক্যাল গার্ডেনে ডেকে নিয়ে হত্যা করেছেন বলে স্বজনরা অভিযোগ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, গতকাল বিকেল ৪টার দিকে বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর ফটকের প্রায় ৫০০ গজ দূরে নির্জন স্থানে এক নারীর মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, বিচ্ছেদের পর আবারও সংসার বাধার চেষ্টা করছিলেন সাইদুল। এ জন্য তিনি গতকাল তুলিকে বোটানিক্যাল গার্ডেনে ডেকে আনেন। সেখানে আপেল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় তুলিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত