বগুড়ায় ৮ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র (গরম কাপড়) বিতরণ করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। গত শুক্রবার সকাল ১০টায় জেলার দুপচাঁচিয়া উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশ রূপান্তর এবং অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া।
এদিন সকালে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শীতার্ত মানুষেরা এসে জড়ো হয়। এরপর নর্থ-সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সদস্যরা পুরুষ ও নারীদের আলাদা লাইনে দাঁড় করিয়ে দেন। এরপর সারিবদ্ধভাবে সকল শীতার্তের হাতে শীতের ঠা-া নিবারণে উন্নত মানের কম্বল ও শীতের গরম কাপড় তুলে দেওয়া হয়। এসময় কম্বল ও শীতের গরম কাপড় হাতে পেয়ে অনেক শীতার্ত আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
নর্থ-সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেসবাউল হাসান চৌধুরীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে দুপচাঁচিয়া পৌরসভার কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিব, অ্যাডভোকেট উৎপল বাগচি, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির, নর্থ-সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সভাপতি মাহমুদুল ইসলাম কৌশিক, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ ক্লাবের ৩০ সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, সংগঠনটি শীতবস্ত্র বিতরণের জন্য গত ১৩ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে শীতবস্ত্র সংগ্রহ করে। পরে সংগৃহীত শীতবস্ত্র বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, ‘কঠিন সময়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার সুযোগ পেয়ে, আত্মতৃপ্তি অনুভব করেছি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করা এবং এই সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো।’
ক্লাবের অনুষদ উপদেষ্টা মেসবাউল হাসান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানাভাবে সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। জনকল্যাণে এবারের ‘শীতবস্ত্র বিতরণ-২০২২’-এর কর্মসূচিও সুনিপুণভাবে সম্পন্ন হয়েছে।’
