দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ ছাড়া সারা দেশে আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ৭.৯, রাজারহাটে ৮.০, ডিমলায় ৮.২, ঈশ্বরদীতে ৮.৬, বদলগাছীতে ৮.৮ ও সৈয়দপুরে ৯.০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
