আবারও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. খুরশীদ আলম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ এএম

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আবারও দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক নানা অনিয়মের মধ্যে ২০২০ সালের ২১ জুলাই অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে মহাপরিচালকের পদ ছাড়তে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত