দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই মহাব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম, মহাব্যবস্থাপক (অর্থ) মণি লাল দাশ ও চট্টগ্রামের বাসিন্দা এনামুল হক। দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে দাখিলকৃত অভিযোগটি অনুসন্ধান করতে তদন্ত-১ এর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসির কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
