দুর্ঘটনায় আহত শ্রমিককে চিকিৎসা না দেওয়ায় অবরোধ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:১৩ এএম

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে কভার্ড ভ্যান ধাক্কায় আহত শ্রমিককে কারখানার পক্ষ চিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস্ কোম্পানি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। আহত শ্রমিক জুয়েল (২২) আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস্ কোম্পানি লিমিটেডে অপারেটর পদে কাজ করত।

কারখানার শ্রমিক রাতুল, ইসমাইল ও সজিব জানায়, বুধবার দুপুরে কারখানায় শ্রমিকদের খাবারের বিরতি হয়। এ সময় কারখানার শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহতাবস্থায় মহাসড়কের ওপর পড়ে থাকে। এ সময় অন্য শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের কাছে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কর্তৃপক্ষ তাকে কর্ণপাত না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তবে আহত শ্রমিকদের সবশেষ শারীরিক অবস্থা কেউ জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত