ইসি আহসান বললেন

নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর যেন প্রশ্ন না ওঠে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:১৫ এএম

দেশের সব নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব বলেছেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাসী।

নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’ এরই মধ্যে এই কমিশনের দায়িত্বে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্যেই হয়েছে বলে দাবি করেন তিনি।

গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আহসান হাবীব এসব কথা বলেন।

আহসান হাবীব বলেন, নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন। ভিডিও বা ছবি তুলতে পারবেন, তবে লাইভ করতে পারবেন না।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শূন্য হয়। এই আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত