বগুড়ার সারিয়াকান্দিতে জব্দের পর সিলগালা করে রাখা গুদাম থেকে চুরি হওয়া ৩৬০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে বগুড়া-সারিয়াকান্দি প্রধান সড়কের সেতুর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে ১১৩০ বস্তা চালসহ সিলগালা করে রাখা গুদাম থেকে তা চুরি হয়েছিল বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম।
এর আগে গত ৭ জানুয়ারি চাল চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ এবং মালিক আছাব্বর ফকিরকে (৪২) গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে চুরির ওই ঘটনায় গত ৩০ ডিসেম্বর আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহাদৎ হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযানে যান জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। বাড়িটি চালের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অভিযান শেষে ১১৩০ বস্তা চাল জব্দ করে গুদামটি সিলগালা করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের রশিদ এবং কৃষি বিপণন লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর গত ২২ ডিসেম্বর ওই গুদামে উপস্থিত হয়ে সিলগালা খোলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। গুদাম পরিদর্শনকালে সেখানে মাত্র ৬ বস্তা চাল দেখতে পান তিনি। তখন গুদামটিতে থাকা ১১২৪ বস্তা চাল গায়েবের বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পরদিন সিলগালা করে রাখা গুদামের চাল চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয়দের আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান।
