‘হৃদয়ে বীণাপাণি’ স্লোগান বুকে ধারণ করে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৯২ বছরে এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান হলো। গতকাল শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের চার প্রজন্মের শিক্ষার্থীরা একত্র হতে পেরে সবাই আনন্দ প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন স্থান ছাড়াও যারা প্রবাসী, তারাও অনেকে হাজির হয়েছিলেন এই পুনর্মিলনীতে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থল গোপালগঞ্জ মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন আরা লেখার সভাপতিত্বে আলোচনা প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরনো দিনের স্কুলজীবনের স্মৃতির বর্ণনা দেন। আগতরা সবাই তাদের আনন্দ উচ্ছ্বাসের কথা জানান। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
