বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, ‘দুর্নীতি, লুটপাট করে সরকারের ঘনিষ্ঠ কয়েক হাজার মানুষ নতুন কোটিপতি হয়েছে। অন্যদিকে কয়েক কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। যারা দরিদ্র হয় তাদের সন্তানরাও দরিদ্র হয়। দেশে এখন দরিদ্র শিশুর সংখ্যা সর্বকালের রেকর্ডে পরিণত হয়েছে।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীতে পথশিশু ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং অসহায় নারী উপস্থিত ছিল। শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন নজরুল ইসলাম খান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে দেশ এক দুঃসময় অতিক্রম করছে। একটা অনির্বাচিত সরকার যাদের জনগণের কাছে জবাবদিহির দায় নেই, যারা জনগণের স্বার্থ ক্রমাগত উপেক্ষা করে চলেছে তাদের হাতে এদেশ এবং এদেশের মানুষ নিঃস্ব হয়েছে।’
সংগঠনের সভাপতি অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রকৌশলী মাহবুব আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহমেদ শফিকুল হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক লুতফুর রহমান, শামীমুর রহমান শামীম, একেএম আসাদুজ্জামান চুন্নু, বিপ্লব উজ জামান বিপ্লব প্রমুখ।
