মাসরুর আরেফিনসহ ৩ জন পেলেন পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪ এএম

পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও কবি মাসরুর আরেফিন, কবি কামরুজ্জামান কামু, কথাসাহিত্যিক রুমা মোদক। পূর্বপশ্চিম সাহিত্য উৎসবের সমাপনী আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

যশোরে আয়োজিত দুদিনব্যাপী পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। একই আয়োজনে সম্মাননা দেওয়া হয় বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কবি মতিন বৈরাগী ও কবি সুমিতাভ ঘোষালকে।

গতকাল শুক্রবার সকালে শহরের রামনগরে অবস্থিত আরআরএফ টার্কে এ উৎসব শুরু হয়। দেশ ও বিদেশের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে উৎসব পরিণত হয় লেখকদের মিলনমেলায়।

বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জাহিদুল হক, আসাদ মান্নান, পূর্বপশ্চিম সম্পাদক কবি আশরাফ জুয়েল, কবি অমিত গোস্বামী, কবি ইকবাল রাশেদীন, নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল, ব্যবস্থাপনা সম্পাদক কবি উজ্জ্বল চৌধুরী প্রমুখ।

নির্বাহী সম্পাদক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘পূর্বপশ্চিম’ বাংলাভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত