রিয়েল এস্টেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে করপোরেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার হোটেল শেরাটনে এলএফবি লিডারশিপ এক্সিলেন্স সামিট ২০২২ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের ২৩টি সেক্টরের প্রায় ২০০ জন লিডার অংশগ্রহণ করেন। যেখানে বিভিন্ন খাতে অবদানের জন্য ১৩ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
রিয়েল এস্টেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম মাহবুবুর রহমান বলেন, ‘কাজের স্বীকৃতি প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। ১৮ বছর আগে রিয়েল এস্টেট শিল্প অনেকের কাছে পছন্দের ছিল না। যাই হোক আমি রিয়েল এস্টেট শিল্পকে আমার ক্যারিয়ার গড়তে বেছে নিয়েছি। আজ আমার মনে হচ্ছে সেই সিদ্ধান্ত সঠিক ছিল। আমি দেশের জন্য কিছু করতে পেরেছি, তরুণদের জন্য একটি উদীয়মান প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে এই স্বীকৃতি ও সম্মাননার জন্য উপযুক্ত মনে করায় লিডার্স ফোরামের প্রতিটি জুরি সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি সবসময় বন্ধু, পরিবার এবং সহকর্মীদের থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ।’
লিডার্স ফোরাম বিডি (এলএফবি) রাজধানী ঢাকায় সরকারি নিবন্ধনকৃত করপোরেট লিডার এবং ম্যানেজারদের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যেটি ২০২০ সালে করোনা মহামারীর সময় কার্যক্রম শুরু করে।
