মুন্সীগঞ্জে নদীর তীরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:১৭ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছামতী নদীর তীরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোকসেদুর রহমান (৪০)। তিনি রাজধানীর গেন্ডারিয়ার মৃত মো. হাবিবুল্লাহর ছেলে। স্ত্রীর প্রেমিক ও সহযোগীরা মোকসেদুরকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ ইছামতীর তীরে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে (৩৫) গত রবিবার রাতে ঢাকার গে-ারিয়া থেকে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানার পুলিশ। আর হত্যাকা-ের পরই সৌদি আরব পাড়ি জমিয়েছে তার প্রেমিক জাহিদ সরকার। জাহিদ সিরাজদীখান উপজেলার কালীপুর গ্রামের আনোয়ার সরকারের ছেলে।

প্রায় ২২ বছর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মৃত লতিফ সিকদারের মেয়ে আসমার সঙ্গে রাজধানীর গেন্ডারিয়ার মোকসেদুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে তিন সন্তান।

গত ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে সিরাজদীখানের বরাম বাজারসংলগ্ন নদীর তীর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, মোকসেদুরের স্ত্রী আসমা বেগম তার স্বামী নিখোঁজ রয়েছে উল্লেখ করে রাজধানীর গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ওই জিডি ও লাশ উদ্ধারের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের তদন্তে যুবকের পরিচয় উঠে আসে।

গতকাল সোমবার সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, যুবকের পরিচয় পাওয়ার পরই লাশ উদ্ধার নিয়ে নতুন মোড় নেয়। সন্দেহের তালিকায় থাকা মোকসেদুরের স্ত্রীকে গত রবিবার রাতে গ্রেপ্তার করলে রহস্য উদঘাটন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত