তিন প্রতিষ্ঠানকে ২৩ একর জমি বরাদ্দের চুক্তি বেজার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫০ এএম

৩ প্রতিষ্ঠানকে দুটি অর্থনৈতিক অঞ্চলে মোট ২৩ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠান তিনটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। গতকাল বুধবার বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেজা জানিয়েছে, বেজার সঙ্গে ৩ প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ২৩ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, পিনাকল বাইসাইকেল ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার (বিটাক)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোয়ান ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে ১০ একর জমিতে টায়ার উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে প্রায় ১ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। এ সার্বিক কর্মকান্ডে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বরাদ্দকৃত জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, ডরমিটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র এবং সবুজায়ন করা হবে। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব রোধে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করা হবে।

পিনাকল বাইসাইকেল সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রতিষ্ঠানটি ৮ একর জমিতে বাইসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করবে। তাদের বিনিয়োগ প্রস্তাব থেকে জানা যায়, এতে প্রায় ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করা হবে এবং ১ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

 বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগর নির্মিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত