ইরানে মানব পাচারের অভিযোগে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার ও গত রবিবার অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. জাহাঙ্গীর আলম বাদশা (৮৯) ও মো. মাহামুদুল হাছান (২৭)।
এর আগে গ্রেপ্তার হন একই চক্রের সদস্য সালাম ওরফে সালামত উল্লাহ (৩৪)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস ক্রাইম) মো. নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীদের সংগ্রহ করে প্রলোভন দেখিয়ে ভ্রমণ ভিসার মাধ্যমে প্রথমে দুবাই পাঠায়। সেখানে নিয়ে চক্রের সদস্যরা ভুক্তভোগীদের মারধর করে কাগজপত্র কেড়ে নিয়ে ইরানি দালাল চক্রের হাতে তুলে দেয়। পরে সমুদ্রপথে তাদের ইরানে নিয়ে আটকে রেখে মারধর করে এবং দেশে তাদের স্বজনকে এর ছবি ও ভিডিও পাঠিয়ে মুক্তিপণের টাকা দিতে বাধ্য করে ওই চক্র।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাহমুদুল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অগ্রগামী ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এয়ার কন্ডিশন সার্ভিসে এবং জাহাঙ্গীর আলম সিভিল এভিয়েশনে কর্মরত ছিলেন। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
