মা দুপুরের রান্না করছিলেন, সেই সুযোগে তার ১৬ মাস বয়সের শিশুটি গুটিগুটি পায়ে বাথরুমে চলে যায়। সেখানে বালতির পানিতে খেলতে খেলতে বালতির মধ্যে পড়ে যায় শিশুটি। বেশ কিছু সময় কোনো সাড়াশব্দ না পেয়ে রান্না ফেলে সন্তানকে খুঁজতে থাকেন মা। পরে বাথরুমের বালতির পানি থেকে উদ্ধার করেন সন্তানের নিথর দেহ। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামপুরে একটি বাসায়। নিহত শিশুর নাম আফিফা কামাল রাইতা।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর পালং উপজেলার চরসিংগাড়িয়া গ্রামের কামাল তালুকদারের দুই সন্তানের মধ্যে দ্বিতীয় আফিফা। বর্তমানে তার পরিবার শ্যামপুরে ভাড়া বাসায় থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
