ইঁদুরের ফাঁদে মারা যাওয়া জেলের লাশ গুমের চেষ্টা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মারা যাওয়া নির্ভসা বৈরাগী নামে এক জেলের লাশ গুমের চেষ্টা করা হয়েছে। তবে, ঘটনার মূলহোতা অরুণ দাসকে ঘটনার ছয়দিন পর খুলনা থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে গতকাল বুধবার ভোরে তিনি চান্দার বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা লাশ পুলিশকে দেখিয়ে দেন।

পরিবার, এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, কলিগ্রামের নির্ভসা বৈরাগী (৬০) গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় মাছ ধরার জন্য চান্দার বিলে যান। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে  পরিবারের সদস্যরা জানতে পারেন

কৃষ্ণনগরের অরুণ দাস চান্দার বিলে ধান রক্ষায় জমিতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সেখানে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নির্ভসা বৈরাগী মারা গেছেন।

অপর মৎস্য শিকারি মিনি বৈরাগীর বাড়িতে খোঁজ করতে গেলে নির্ভসা বৈরাগীর ব্যবহৃত মাছ রাখার পাতিল, মোবাইল ফোন ও কাপড়-চোপড় পাওয়া যায়। বিষয়টি পুলিশ অবগত হলে তদন্তে নেমে জানতে পারে অরুণ দাস ও মিনি বৈরাগী পরস্পর যোগসাজশে নির্ভসা বৈরাগীর মরদেহ বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অরুণ দাসকে গত মঙ্গলবার খুলনা থেকে আটক করা হলে লাশ দেখিয়ে দেয়।

গোপালগঞ্জের অ্যাডিশনাল এসপি (ক্রাইম) মোহাইমিন জানান, মিনি বৈরাগীকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত