স্পিকার বললেন

প্রত্যন্ত অঞ্চলে জনজীবন সুরক্ষিত করেছে সরকার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৮ এএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জনজীবন সুরক্ষিত করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রগুলো তথা সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সৌজন্য সাক্ষাৎ করলে একথা বলেন তিনি।

সাক্ষাৎকালে তারা নর্ডিক রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসাবাণিজ্যের প্রসার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে বলেন, বাংলাদেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দৃপ্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেন তিনি।

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসাবাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে নর্ডিক রাষ্ট্রসমূহ আগ্রহী। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে নর্ডিক রাষ্ট্রসমূহ বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত