রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে দেশে ঢুকছে হেরোইন। প্রতি মাসে অন্তত ৪ থেকে ৫ কেজি হেরোইন আনে, এমন একটি চক্রের খোঁজ পেয়েছে র্যাব। চক্রের ৩ সদস্যকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারও করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শাকিবুর রহমান (৩৫), রাজিয়া খাতুন (৩৩) ও সেলিনা খাতুন শিরিনা (৩৮)।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১২-এর অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রায় ৩ কেজি হেরোইনসহ শাকিবুর ও রাজিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁয় শাকিবুরের বাসা থেকে ২ কেজির বেশি হেরোইনসহ তার স্ত্রী সেলিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নির্ধারিত ব্যক্তিদের কাছে নিয়মিত হেরোইন সরবরাহ করত চক্রটি। প্রতিটি চালানে দেওয়া হতো ১৫-২০ হাজার টাকা। বড় চালান হোতা শাকিবুর নিজেই মোটরসাইকেলে পৌঁছে দিতেন। হেরোইন বিক্রির টাকা লেনদেন করা হতো সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
