টুর্নামেন্টের মাঝেই ওমরাহ করতে গেলেন সাকিব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ এএম

প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশালের। পয়েন্ট তালিকা নিয়ে দলটির আর চিন্তা নেই। রাউন্ড রবিনে ঢাকার তৃতীয় পর্বের ম্যাচের আগে বরিশালের বিরতিও আছে ক’দিনের। সাকিবদের ১১তম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। মাঝের এই বিরতির সময় ওমরাহ করতে সৌদি আরব গেছেন সাকিব আল হাসান। 

তবে সাকিবের ম্যাচ মিসের ভয় নেই। ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে রাতের ম্যাচ খেলবেন বরিশাল অধিনায়ক। দলটির মিডিয়া ম্যানেজার সিকান্দার আলি জানান, ‘৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় দেশে ফিরবেন সাকিব। পরদিন দলের হয়ে মাঠে নামবেন।’ সাকিবের ওমরাহ পালন করতে যাওয়া নিয়ে বরিশাল ফ্র্যাঞ্চাইজির কোনো আপত্তি নেই। তা ছাড়া বিপিএল দলের নিজস্ব বিষয় হওয়ায় বিসিবি থেকে অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই সাকিবের।

এমিনতেও সাকিবের জন্য অনুশীলন না করেও ম্যাচ খেলা নতুন কিছু নয়। এই টুর্নামেন্টেই শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলন না করেই প্রথম ম্যাচে খেলেছিলেন সাকিব। এ ছাড়া চট্টগ্রাম পর্বে বিরতির সময় আগেই ঢাকা ফিরে এসেছিলেন। শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, জাতীয় দলেও সাকিবের সরাসরি ম্যাচ খেলার উদাহরণ আছে। গত বছর মে-তে করোনা নেগেটিভ হয়ে পরদিনই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ওই ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্সও ছিল তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত